আ.লীগ কার্যালয়ের তালা খোলার ঘটনায় আটক ৫
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর নোয়াখালী জেলা কার্যালয়ের তালা খুলে দেওয়া ও প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের প্রধান গেইটের তালা খুলে দেওয়া এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই কার্যালয়ে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। পরবর্তী সময়ে ভবনটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বুধবার সকালে হঠাৎ কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে জড়ো হন।
একপর্যায়ে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ফটকের সামনে ব্যানার টাঙিয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরপরই অভিযান চালায় পুলিশ। এ বিষয়ে সুধারাম মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু ব্যক্তি সেখানে ব্যানার টাঙায়—খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।
