বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন ১০ নেতাকর্মী, যোগ দিলেন ছাত্রদলে

 


ঝালকাঠিতে ছাত্র রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতাকর্মীদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ সংগঠনটির মোট ১০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যুক্ত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে স্বাগত জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগদানকারী নেতাকর্মীদের পক্ষে বক্তব্যে রাইয়ান বিন কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল ছিল না; এটি ছিল মূলত বৈষম্য দূর ও ন্যায্য অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, ছাত্রদলের আদর্শিক রাজনীতি, সাংগঠনিক কাঠামো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাদের অনুপ্রাণিত করেছে। দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকেই তারা ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নূপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুনদের যোগদানে ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, যোগদানকারী এই ১০ নেতাকর্মী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন, যা তাদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বগুণের পরিচয় বহন করে।

Next Post Previous Post

মন্তব্য করুন