পাকিস্তান খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে: শেহবাজ শরিফ ঘোষণা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার জানিয়েছেন, জাতীয় দল আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে ভারতের বিরুদ্ধে নামবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে লিখেছেন, বহু পক্ষের আলোচনার ইতিবাচক ফলাফল এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহবাজ শরিফ আরও বলেন, ক্রিকেটের চেতনা রক্ষা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বৈশ্বিক খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখাই পাকিস্তানের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
এর আগে নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করতে অস্বীকৃতি জানালে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এরপর পাকিস্তানও ভারত বিরোধী অবস্থান নেওয়ার ঘোষণা দিলে আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক জটিলতা তৈরি হয়। তবে রোববার আইসিসি ও বিসিবি প্রধান লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেই বৈঠকের পর পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে। জানা গেছে, ম্যাচ বয়কট করলে পাকিস্তান গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাত, যা টুর্নামেন্টে টিকে থাকা কঠিন করে তুলত। এছাড়া শ্রীলঙ্কা, আরব আমিরাত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য অনুরোধ জানিয়েছিল।
আইসিসি জানিয়েছে, ভারত সফর না করার কারণে বাংলাদেশ কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমনার মুখোমুখি হবে না। সমঝোতা অনুযায়ী, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে, বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। বিষয়টি ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘পুরো ক্রিকেট বিশ্বের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের এই পদক্ষেপ প্রশংসনীয়।’
রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ভারত ও পাকিস্তান কেবল বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয়। এবার পাকিস্তানের ইতিবাচক সিদ্ধান্তের ফলে ক্রিকেটপ্রেমীরা দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবে। টুর্নামেন্টের ধারাবাহিকতা, প্রতিযোগিতামূলক খেলাধুলা এবং ক্রিকেটের মেলবন্ধন বজায় রাখায় পাকিস্তানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
