অপশক্তির কাছে মাথা নত নয়” — দৃঢ় বার্তা জামায়াত আমিরের
‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না’— এমন দৃঢ় মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পোস্টের শুরুতে তিনি সহকর্মীদের সালাম জানিয়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরেন।
তার দাবি, একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণে বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মী ও সমর্থকরা আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবরও তাদের কাছে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
একই সঙ্গে ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই অন্যায় ও নির্যাতন হবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেওয়াকে তিনি মানবতার দাবি, মহান আল্লাহর প্রতি ভালোবাসার দাবি এবং দেশপ্রেমের অংশ হিসেবে উল্লেখ করেন। এ লক্ষ্য পূরণে দল দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। শেষাংশে মহান আল্লাহর সহায়তা কামনা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
.jpg)