ভোটকেন্দ্রে মাত্র ৫ মিনিটে নিরাপত্তা বাহিনী পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় ভোটকেন্দ্রের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোটকেন্দ্রের কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম সভায় বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখা। যেখানে নাগরিকের আশা পূরণ, রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ন্যায্য দাবি আদায় নিশ্চিত করতে জয় আনাই মূল লক্ষ্য।

ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান। বাংলাদেশ আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সর্বোচ্চ মাত্রার ডেপ্লয়মেন্ট করা হয়েছে। যেকোনো অস্থির পরিস্থিতিতে মোবাইল টিম ৩-৫ মিনিটের মধ্যে পৌঁছাবে। তিনি ভোটকেন্দ্রে কর্মকর্তাদের দায়িত্বের ওপর জোর দিয়ে বলেন, ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। কোনো কার্পণ্য বরদাস্ত করা হবে না।

সভায় ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় পরিচয় হলো নিরপেক্ষ থাকা। আইন অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা চাপ কখনো বিবেচনায় আনা যাবে না। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং সবকিছু মনিটরিংয়ের আওতায় থাকবে। তিনি আশা প্রকাশ করেন, কর্মকর্তারা দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন যাতে ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, মেজর আসিফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ফরিদা পারভিন এবং অন্যান্য কর্মকর্তা। এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভার মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Next Post Previous Post

মন্তব্য করুন