পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে নারীর মরদেহ উদ্ধার

 


নারায়ণগঞ্জ–এর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির পাশের বাসিন্দা কসাই মো. মিরাজের গরুর দেখভাল করেন সোহেল নামের এক ব্যক্তি।

 রোববার সন্ধ্যায় সোহেল ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে পানি আনতে গেলে তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় ভেতরে তাকিয়ে তিনি নারীর একটি পা দেখতে পান এবং বিষয়টি সঙ্গে সঙ্গে মিরাজকে জানান। পরে বাড়ির মালিককে খবর দেওয়া হলে পুলিশে যোগাযোগ করা হয়।

মিরাজ আরও জানান, গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এলাকার পিকআপভ্যানচালক পলাশ ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ওই বাড়িতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করলে পলাশ দাবি করেন, তিনি ওই নারীকে খাওয়া-দাওয়া করিয়েছেন এবং জায়গাটি নিরাপদ মনে হওয়ায় সেখানে রাখছেন।

 তবে এরপর আর তাকে সেখানে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। উদ্ধার হওয়া মরদেহটি সেই নারীর কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির মালিক শাহনাজ বেগম এলাকায় না থাকায় তার ভাই ফজলু বিষয়টি পুলিশকে অবহিত করেন। এদিকে পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানা–র ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহটি একজন নারীর এবং রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

Next Post Previous Post

মন্তব্য করুন