.png)
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিএনপির সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা। বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী, পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া ও সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, ৪র্থ যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, জাতীয়তাবাদী সৈনিক দল বিশ্বম্ভরপুরের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌছ ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছে।