গণমাধ্যমে খণ্ডিত ফল প্রকাশে হতাশ না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপনায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল আংশিকভাবে উপস্থাপন করায় বাস্তব চিত্র সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তবে এতে মনোবল হারানোর কোনো কারণ নেই।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। প্রদত্ত প্রায় সাত কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রায় দুই কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা একটি তাৎপর্যপূর্ণ জনসমর্থনের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, অতীতে মাত্র দুটি আসন পাওয়া দলটি আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা জনগণের আস্থার প্রতিফলন। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
শফিকুর রহমান নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে গঠনমূলক বিরোধী ভূমিকা পালনের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার। তিনি আগামী নির্বাচনে আরও ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগ ও পরিশ্রমের ধারাবাহিকতায় একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আল্লাহর সহায়তায় পূর্ণাঙ্গ বিজয় অর্জন সম্ভব হবে।
