অভিনয় ছাড়ার ইঙ্গিত বুবলীর, কোন শর্তে নিলেন এমন সিদ্ধান্ত?

 


ঢালিউডের রহস্যময়ী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী-কে ঘিরে ফের শুরু হয়েছে জোর আলোচনা। ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান প্রসঙ্গে ধোঁয়াশা বজায় রাখা এই নায়িকার ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

 বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। অনাগত সন্তানের পিতা হিসেবে আবারও সামনে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নাম। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন বুবলী। রমজানের শুরুতে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো—শর্তসাপেক্ষে দ্বিতীয়বার মা হচ্ছেন এই অভিনেত্রী।

 নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ করেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান, আর সেই শর্ত মেনেই দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নিয়েছেন বুবলী। বর্তমানে শুটিং থেকে দূরে থাকলেও শো-রুম উদ্বোধনের মতো কিছু আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষে একটি বিশেষ আয়োজনে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের জীবনের না বলা কিছু কথা শেয়ার করেন বুবলী।

 অনুষ্ঠানটি প্রচারিত হয় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। এদিকে তার অভিনীত নির্মাণাধীন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর বাকি অংশের শুটিং নায়িকাকে ছাড়াই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছেন প্রযোজক। পরিচালনায় রয়েছেন জাহিদ হোসেন। প্রযোজক জাহাঙ্গীর শিকদার জানিয়েছেন, বুবলীর অংশের শুটিং আপাতত স্থগিত রেখে বাকি কাজ শেষ করা হবে। প্রসঙ্গত, শাকিব খান পূর্বে অপু বিশ্বাস-কেও বিয়ে করেছিলেন এবং দুই নায়িকার সন্তানের বাবা হয়েছেন তিনি। যদিও একাধিক সাক্ষাৎকারে দুই সম্পর্ককেই অতীত বলে উল্লেখ করেছেন এই নায়ক। তবে নতুন করে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘিরে আবারও সরগরম ঢালিউড অঙ্গন।

Next Post Previous Post

মন্তব্য করুন